‘ছেলেধরা’ গুজব রোধে স্কুলে-স্কুলে সতর্কতা জারি

দেশের বিভিন্ন স্থানে ‘ছেলেধরা’ গুজব ছড়িয়ে গণপিটুনিতে হতাহতের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা বন্ধে এবার দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গতকাল মাউশির দেওয়া এক নির্দেশনায় বলা হয়েছে, ছেলেধরা বিষয়ক গুজবে দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কোথাও কোথাও নিরীহ লোকজনকে হত্যার

ঘটনাও ঘটছে। এ ধরনের ঘটনা রোধে সতর্ক থাকতে হবে। নির্দেশনায় বলা হয়, ‘সতর্ক করা যাচ্ছে যে, কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের কেন্দ্র করে যাতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়, তার জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করতে হবে।’

নির্দেশনা জারির বিষয়ে গতকাল মঙ্গলবার মাউশির পরিচালক (মাধ্যমিক) ড. আব্দুল মান্নান দেশ রূপান্তরকে বলেন, ‘ছেলেধরা গুজবে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে সে জন্যই এই নির্দেশনা জারি করা হয়েছে। এই গুজবকে কাজে লাগিয়ে কেউ যাতে অসৎ উদ্দেশ্যে কোনো শিক্ষার্থীকে ব্যবহার করতে না পারে। এরই অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ওই নির্দেশনা দেওয়া হয়েছে।’