হাবিপ্রবির প্রশাসনিক দায়িত্ব থেকে ৭ শিক্ষকের পদত্যাগ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনিক দায়িত্বে থাকা ৭ শিক্ষক একই সঙ্গে পদত্যাগ করেছেন। গতকাল বুধবার  দুপুরে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন পদত্যাগী ওই ৭ শিক্ষক। একসঙ্গে ৭ শিক্ষকের পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে বলে তারা জানান।

পদত্যাগকারী শিক্ষকরা হলেন ডা. মো. মাহমুদুল হাসান, সহকারী প্রক্টর; সৌরভ পাল চৌধুরী, সহকারী প্রক্টর; সাইফুল ইসলাম, সহকারী পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ; ডা. মিসরাত মাসুমা পারভেজ, সহকারী পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ; মো. ফরিদুল্লাহ, সহকারী হল সুপার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল; শক্তিচন্দ্র ম-ল, সহকারী হল সুপার ডরমিটরি-২; ডা. মো. হায়দার আলী, সহকারী পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ।

পদত্যাগের কারণ এক ও অভিন্ন বলে জানা গেছে। তারা পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, বিশ^বিদ্যালয় প্রশাসনে মুক্তিযুদ্ধের চেতনাধারক শিক্ষক-কর্মকর্তাদের অবহেলা ও কোণঠাসা করে কার্যক্রম চালানো হচ্ছে। প্রশাসনে স্বাধীনতাবিরোধী জামায়াতপন্থিদের নির্বিচারে নিয়োগ ও প্রাধান্য দেওয়ায় তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। নিয়োগে আঞ্চলিকতাও প্রকট হয়ে উঠেছে, তাই এ পদত্যাগের সিদ্ধান্ত।

এ বিষয়ে জানতে চাইলে হাবিপ্রবির রেজিস্ট্রার ডা. মো. ফজলুল হক বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। দেশের প্রতি আমার জীবনের থেকেও বেশি টান। ৭ শিক্ষক যেসব অভিযোগ করেছেন তা গুজব বই অন্য কিছু নয়।’