কোরবানি সামনে রেখে পেঁয়াজ, রসুন, আদার দাম স্থিতিশীল রাখতে এসব পণ্য খোলাবাজারে ‘ট্রাক সেল’ করবে সরকারের বিক্রয় সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ঈদুল আজহার আগে সাধারণ মানুষ যাতে উচ্চ মূল্যের যন্ত্রণায় না পড়েন সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে। পাশাপাশি কোরবানির পশু যাতে ব্যবসায়ীরা নির্বিঘেœ হাটে আনা-নেওয়া করতে পারেন তার ব্যবস্থা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ঈদুল আজহার আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি যেমন পেঁয়াজ, রসুন, আদা, গরম মসলা ইত্যাদির মূল্য স্থিতিশীল রাখা এবং গবাদিপশু পরিবহন বিষয়ে অংশীজনদের নিয়ে আয়োজিত সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মফিজুল ইসলাম এ কথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআইর সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, এনবিআর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্যারিফ কমিশন ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং মসলা পণ্যের আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যবসায়ীদের কাছ থেকে খাতভিত্তিক বাজার মূল্য, আমদানির পরিমাণ, দেশের চাহিদা সম্পর্কে তথ্য নেন সচিব। কয়েকটি পণ্যেই ব্যবসায়ীদের দেওয়া তথ্যের সঙ্গে ট্যারিফ কমিশনের তথ্যে বেশ পার্থক্য দেখা যায়। পেঁয়াজ, রসুন, আদা (দেশে উৎপাদন ও আমদানি মিলিয়ে) চাহিদার চেয়ে বেশি সরবরাহ হয় বলে জানান ট্যারিফ কমিশনের প্রতিনিধি। যদিও ঢাকার মৌলভীবাজারের আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা বলেন, এ তথ্য বাস্তবভিত্তিক নয়। ব্যবসায়ীরা বলেন, পেঁয়াজ, রসুন ও আদার বাজার আমদানির ওপর নির্ভর করে। এ ছাড়া বন্দরের পণ্য ছাড়ে দেরি হওয়ার কারণেও দাম বাড়ে।
এ রকম পরিস্থিতিতে বাণিজ্য সচিব বলেন, টিসিবি ট্রাক সেল করবে, যাতে ভোক্তা পর্যায়ে মূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে। যেগুলোর দাম বাড়ার সম্ভাবনা আছে সবই বিক্রি করবে টিসিবি। বৈঠকে বসেই টিসিবির চেয়ারম্যানকে ট্রাক সেল করার নির্দেশনা দেন তিনি। তবে কবে নাগাদ এবং কোন কোন পণ্য টিসিবি ‘ট্রাক সেল’ দেবে তা নির্দিষ্টভাবে জানাননি সচিব।
পাইকারি বিক্রেতাদের উদ্দেশে মফিজুল ইসলাম বলেন, ঈদ সামনে রেখে আপনারা লাভ একটু কম করবেন। দাম একটু কমিয়ে দেবেন। উৎসবে মানুষ যেন কষ্ট না পায়। ঈদের পরে পুষিয়ে নেবেন।
ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্য সচিব বলেন, পেঁয়াজের বাজারের খুব বেশি নিয়ন্ত্রণ মানুষের হাতে নেই, আল্লাহর হাতে। বুঝছেন তো ব্যাপারটি। বেশিদিন মজুদ করে রাখার সুযোগ নেই। দাম যতটা কমিয়ে নিয়ে আসা যায়।
পেঁয়াজের মূল্য বিষয়ে সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাজার নিয়মিত মনিটরিংয়ে রাখা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের টিম কাজটি করবে। যেখানে ব্যবসায়ীকে সহায়তা করার তা করা হবে। আবার ব্যবসায়ীরা অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দরকার পড়লে সরকার ভর্তুকি দেবে কিন্তু সাধারণ মানুষ যেন সহনীয় মাত্রায় পায়। এটা মনিটর করবে এবং প্রয়োজনবোধে ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন যাতে জিনিসপত্রের দাম ঈদে সহনীয় থাকে। এটা আপনাদের নৈতিক দায়িত্বও বটে।