নাটোরের গুরুদাসপুরে এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম মঞ্জু আরা খাতুন (৩২)। গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে ওই লাশ উদ্ধার করা হয়। তিনি বৃ-কাশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঞ্জু আরা খাতুনের বিয়ের দুই বছরের মাথায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর প্রায় ১২ বছর ধরে মা মনোয়ারা বেগমের বাড়ি গোপীনাথপুরে থাকতেন। তার একটি শিশুসন্তান রয়েছে। সে স্থানীয় মাদ্রাসায় পড়ালেখা করে। গত মঙ্গলবার রাতে মঞ্জু আরার মা পাশেই ভাইয়ের বাড়িতে জমাজমি নিয়ে বৈঠক করতে গিয়েছিলেন। রাত ১০টার দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে মঞ্জু আরাকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে মঞ্জু আরার বিবস্ত্র লাশ দেখতে পায় স্থানীয়রা।
নিহত মঞ্জু আরার মা মনোয়ারা বেগম জানান, ভাইয়ের বাড়ি থেকে বাড়ির গেট খোলা দেখতে পান তিনি। ঘরে মেয়েকে না পেয়ে বারান্দায় মেয়ের রক্তমাখা কাপড় পড়ে থাকতে দেখেন।
নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু বলেন, লাশের শরীরে কোনো কাপড় ছিল না। এতে ধারণা করা যেতে পারে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম বলেন, প্রাথমিক সুরতহালে দেখা গেছে তার মাথায় উপর্যুপরি ছুরিকাঘাত, চোখে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশটি বিবস্ত্র থাকায় ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
লক্ষ্মীপুরে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে আটক ৩ : লক্ষ্মীপুরে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার চর আলী হাসান এলাকা থেকে তাদের আটক করা হয়। গত শনিবার সন্ধায় ওই গৃহবধূ বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি শাকচর এলাকায় যাচ্ছিলেন। এ সময় সাইফিয়া দরবার শরিফ এলাকায় পৌঁছলে বাগানের মধ্যে গণধর্ষণের শিকার হন। আটকরা হলো বাহার (৩৫), আল আমিন (২৮) ও শাকিল (২২)।
পুলিশ জানায়, আটকরা ধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করে কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়। গৃহবধূকে ফোনে পুনরায় দেখা করার জন্য চাপ সৃষ্টি করা হয়। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে চারজনের মধ্যে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় ইউপি সদস্য স্বপন মিয়া।
সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার : সিদ্ধিরগঞ্জে ১১ বছরের পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হযেছে। গতকাল সকাল ১০টার দিকে আটি ওয়াপদা কলোনি এলাকার পানি উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয় থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই শিক্ষকের নাম শাহাবুদ্দিন আহমেদ টিটু (৪৫)। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জের ভাঙ্গাখালী গ্রামে। সে ওই স্কুলের ইংরেজির শিক্ষক।
কামারখন্দে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ডিডি শাহবাজপুর পঞ্চগ্রামের এক মাদ্রাসাছাত্রী (১৩) যৌন নিপীড়নের শিকার হয়েছে। সে পঞ্চগ্রাম আবু হানিফা (র.) দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে থানায় একটি মামলা হয়েছে। এতে একই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মেরাজ উদ্দিনকে (১৪) একমাত্র আসামি করা হয়েছে।