ইভিএমে ব্যালট ছিনিয়ে জেতার সুযোগ নেই : ইসি সচিব

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন হলে ব্যালট ছিনিয়ে জেতার কোনো সুযোগ নেই দাবি করে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, ব্যালট পেপারে ভোট হলে কেউ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যেতে পারে। ইভিএমে সে সুযোগ নেই। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ইসি সচিব জানান, আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা, চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ওয়ার্ড ও ৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন হবে। এর পাশাপাশি ইউনিয়ন, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদের মোট ২৯৫টি পদে উপনির্বাচন হবে আজ। তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের যে ওয়ার্ডে সাধারণ নির্বাচন হবে সেটিসহ কাঞ্চন পৌরসভা ও ৮টি ইউনিয়ন যেগুলোতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলোতে ইভিএমের মাধ্যমে ভোট হবে। বাকিগুলোতে আগের মতোই ভোট হবে ব্যালটে। এজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে ইসি সচিব বলেন, আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। কারণ, ওখানে তো ইভিএমে নির্বাচন হবে। ইভিএমে নির্বাচন হলে তো অসুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে ভোটে জেতার কোনো সুযোগ নেই।