বিপিএলে নতুন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

আবির্ভাবেই দেশের ফুটবলের সর্বোচ্চ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতল বসুন্ধরা কিংস। গতকাল বৃহস্পতিবার নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ড্র (১-১ গোল) করে পাওয়া ১ পয়েন্টে শিরোপা নিশ্চিত করে দলটি। ২০০৭ সালে চালু পেশাদার লিগে বসুন্ধরা কিংস চতুর্থ চ্যাম্পিয়ন। সর্বাধিক ছয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। তিনবার শেখ জামাল ও একবার শিরোপা

পেয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। শেখ জামালও ২০১০-১১ মৌসুমে প্রথমবার খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়েছিল।

কিংসদের এই শিরোপা উৎসব হতে পারত এক দিন আগেই। কিন্তু বৃষ্টি বাধায় মোহামেডানের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়ানোর কিছু পরই স্থগিত হয় তা। যেখানে ম্যাচ থেমেছিল, এদিন ঠিক সেখান থেকেই খেলা শুরু হয়। শুরুতে পিছিয়ে পড়লেও ম্যাচে সমতা আনে দলটি। এর আগে ২০ জুন সিলেটে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে মৌসুমে প্রথম হারের শিকার না হলে সেদিনই শিরোপা উৎসব করতে পারত তারা। অবশ্য তাদের এই উৎসবটা যে নীলফামারীতে হলো এটিই বা খারাপ কি। নিজেদের হোম ভেন্যু হিসেবে উত্তরের এ শহরকেই তো বেছে নিয়েছিল কিংসরা। উৎসবটা তাই ঘরের হলো তাদের।