কলেজছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ, ছাত্রনেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের নেতা সুদিপ্ত পালকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে ধর্ষণ মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। 

এদিন দুপুরে ভিকটিমের বাবা (পুরোহিত) বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

জানা গেছে, সুদিপ্ত পাল লক্ষ্মীপুর পৌরসভার বাসিন্দা সুদর্শন পালের ছেলে। তিনি  লক্ষ্মীপুর সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক।

পুলিশ জানায়, সদর উপজেলার দ্বাদশ শ্রেণির ওই  ছাত্রী ও তার পরিবার শহরের টাউন হল এলাকায় থাকেন। একই সম্প্রদায়ের লোক বলে সুদিপ্ত ও ওই ছাত্রীর মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে ২০১৭ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে শহরের মদিন উল্যাহ হাউজিংয়ের একটি বাসায় বন্ধুর জন্মদিনে ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে সুদিপ্ত। 

এসময় কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। 

সর্বশেষ গত ৫ জুলাই শহরের জোবেদা নামীয় একজনের বাসায় তাকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়।

এক পর্যায়ে এসব অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান ওই ছাত্রী।

পরে পারিবারিকভাবে কুমিল্লার একটি ছেলের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে ঠিক করা হয়। বিষয়টি জানতে পেরে অভিযুক্ত সুদিপ্ত মুঠোফোনে ওই ছেলেকে হুমকি দেয়। 

একই সঙ্গে ধর্ষণের আপত্তিকর ভিডিও কুমিল্লায় পাত্রপক্ষের কাছে সরবরাহ করে। এতে বিয়েটি ভেঙে দেয় ছেলের পরিবার।

পরে বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা (পুরোহিত) বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় সুদিপ্ত পালের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

লক্ষ্মীপুর মডেল থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, সুদিপ্ত পালের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।