কোহলির পর আনুশকাকেও আনফলো করলেন রোহিত!

বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর থেকেই ভারতীয় দলের অন্দরমহলে বিরাট কোহলি ও রোহিত শর্মার টানাপোড়েনের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেটা আরো স্পষ্ট হয়ে ওঠেছে।

২০১৮ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে কোহলি খেলেননি। তখন ভারতীয় দলের নেতৃত্বের ভার ছিল রোহিতের কাঁধে। তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির অ্যাকাউন্টকে রোহিত নিজের একাউন্ট থেকে ‘আনফলো’ করেন।

ক্ষোভ জমতে জমতে নাকি দুই ক্রিকেটারের মধ্যে এখন দেওয়াল উঠেছে। তাদের এই দ্বন্দ্বের জন্যই নাকি ভারতীয় দল বিশ্বকাপ সেমি-ফাইনালে নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারেনি। বিশ্বকাপে লিগের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিতের স্ত্রী রীতিকা ও কোহলির স্ত্রী আনুশকা পরস্পরকে এড়িয়ে গেলে দুই ক্রিকেটারের মধ্যে দূরত্বের গুঞ্জন ছড়িয়েছিল। এবার শোনা যাচ্ছে ইনস্টাগ্রামে আনুশকাকে আনফলো করেছেন রোহিত।

আনফলো হওয়ার পর একদিনও কাটল না। জবাব দিয়েছেন আনুশকা। সেই ইনস্টাগ্রামেই পোস্ট করলেন তিনি। সরাসরি না বললেও, তার লক্ষ্য যে রোহিত, তা নিয়ে সন্দেহ নেই।