বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক শক্তির উত্থান হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল শুক্রবার চট্টগ্রামের শহীদদের স্মরণে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বাংলাদেশের জঙ্গি, মৌলবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাস দমনে সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হিন্দুদের সংখ্যা বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ইন্ডিয়ান নেতারা আমাকে বারবার জিজ্ঞেস করতেন তোমাদের দেশে হিন্দুদের পার্সেন্টেজ কত। আমি তখনই বলতাম এটা দশের কাছাকাছি। তারা বলত আট। ২০০৪-এ এ রকমই ছিল। আজ বারোর কাছাকাছি। এটা হয়েছে, আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী যে একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন বলেই আমাদের নির্দেশনা ঠিক সেভাবেই দেন। আর আমরা তার নির্দেশনামতোই কাজ করছি। আমরা এখানে কোনো সাম্প্রদায়িক শক্তির উত্থান হতে দেব না।’
সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ করে বলেন, ‘আমরা খুব কাছ থেকে লক্ষ করেছি, একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই একটা সাইট নামক একটা প্রতিষ্ঠান থেকে যেটা নাকি একজন ইহুদি মহিলা পরিচালনা করতেন; যিনি পাঁচ মিনিটের মধ্যেই ঘোষণা করলেন এটা নাকি আইএস করেছে এবং সঙ্গে সঙ্গে আমার অফিসে চলে আসতেন আর বলতেন, তোমার দেশ তো গেছে। আমি বলতাম এ রকম ঘটনা আমরা আগেও দেখেছি, এখনো দেখছি। আমরা সবই সামনে নিয়ে আসছি।’
প্রিয়া সাহার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্টের কাছে কীভাবে তিনি গেলেন। কারা তার ব্যবস্থা করে দিলেন, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এ ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। তিনি যেটা বলেছেন, বাংলাদেশের মানুষ কিন্তু সেটা বিশ্বাস করে না।’
এর আগে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, সাবেক আইজিপি নুরুল আনেয়ার প্রমুখ।