প্লাস্টিকের বর্জ্য দিলেই খাবার ফ্রি

প্লাস্টিক দূষণরোধে ভারতের অন্য রাজ্যগুলোর তুলনায় এগিয়ে ছত্তিশগড়। রাজ্যের অম্বিকাপুর শহর কর্র্তৃপক্ষ সম্প্রতি নতুন এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে প্রকৃতি থেকে সব ব্যবহৃত প্লাস্টিক সরিয়ে ফেলার।

অম্বিকাপুরের কোনো টোকাই এক কেজি প্লাস্টিক বর্জ্য আনলে তাকে বিনামূল্যে এক বেলার খাবার দেওয়া হচ্ছে। শুধু টোকাই নয়, যে কেউ প্লাস্টিক বর্জ্য আনলেই তাকে ওই খাবার দেওয়া হবে।

ভারতের পরিচ্ছন্ন শহরগুলোর মধ্যে অম্বিকাপুরের অবস্থান বর্তমানে ১৫তম। নতুন এই উদ্যোগের মাধ্যমে দুই লাখ বাসিন্দার শহরটির কর্র্তৃপক্ষ পরিচ্ছন্ন শহর হিসেবে এক নম্বরে যেতে চাইছে।

আগামী দশ দিনের মধ্যে শহর কর্র্তৃপক্ষ শহরের মূল বাসস্ট্যান্ডের পাশে চালু করতে যাচ্ছে ‘বর্জ্য কফিশপ’। অম্বিকাপুরের নগর কর্র্তৃপক্ষের পরিচালিত এই কফিশপটি হতে যাচ্ছে ভারতের প্রথম বর্জ্য কফিশপ। এই কফিশপে আধা অথবা এক কেজি পরিমাণ প্লাস্টিক বর্জ্য নিয়ে এলেই বিনামূল্যে খাবার দেওয়া হবে।

অম্বিকাপুরের মেয়র অজয় তির্কে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘২০১৫ সাল থেকে জেলা কর্র্তৃপক্ষ অম্বিকাপুরকে ছত্তিশগড়ের প্রথম ডাস্টবিনমুক্ত শহর হিসেবে ঘোষণা করতে পরিশ্রম করে যাচ্ছে। এই বছর নগর

কর্র্তৃপক্ষ বর্জ্য কফিশপের জন্য ৬ লাখ রুপি বরাদ্দ দিয়েছে। এর ফলে প্লাস্টিক বর্জ্য অপসারণের পাশাপাশি শহরের দরিদ্রদেরও উপকার হবে। আর ক্রমেই শহর হবে প্লাস্টিকমুক্ত।’ এই স্কিমের আওতায় সংগৃহীত প্লাস্টিক বর্জ্য সলিড লিকুইড রিসোর্স ম্যানেজমেন্ট (এসএলআরএম) সেন্টারে বিক্রি করা হবে। এসএলআরএম থেকেই প্লাস্টিক বর্জের বিপরীতে খাবারের কুপন দেওয়া হবে, যা দিয়ে সকালের নাশতা বা দুপুরের খাবার খাওয়া যাবে। পরবর্তীকালে ওই প্লাস্টিক বর্জ্য করপোরেশন পরিচালিত পুনর্ব্যবহার কেন্দ্রে পাঠানো হবে। ওই প্লাস্টিক বর্জ্য দিয়ে প্লাস্টিক দানা তৈরি করা হবে, যা বিক্রি করা হবে বাণিজ্যিক ভিত্তিতে।