ডেঙ্গু বিস্তারে দায়ী ব্যক্তিদের জরিমানা করবে সিঙ্গাপুর

বাংলাদেশের মতোই সিঙ্গাপুরেও আতঙ্ক ছড়িয়েছে ডেঙ্গুজ্বর। এই রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটি। এ পরিস্থিতিতে সিঙ্গাপুরে যেসব পরিবার ডেঙ্গুর বংশ বিস্তারের জন্য দায়ী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক স্ট্রেইটস টাইমসে এ-সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু  ছড়ানোর জন্য দায়ী ব্যক্তিকে কমপক্ষে ২০০ ডলার জরিমানা দিতে হবে। গত বছর প্রায় ৪ হাজার ৭০০ পরিবার ডেঙ্গুর বংশ বিস্তারে দোষী প্রমাণিত হওয়ায় জরিমানা করেছিল সিঙ্গাপুর সরকার। দেশটির জাতীয় পরিবেশ সংস্থার হিসাবে, এ বছরের প্রথম ছয় মাসে সিঙ্গাপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৮ হাজার। গত এক সপ্তাহেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬৬৬ জন, যা সিঙ্গাপুরে ডেঙ্গু রোগের ইতিহাসে নতুন রেকর্ড।