প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী ও সময়োপযোগী পররাষ্ট্রনীতির কারণে ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে এই দুটি দেশের সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। মিয়ানমারের সঙ্গেও আলাপ চলছে। রোহিঙ্গা সংকটের একটি সমাধান হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট চেম্বার অব কমার্সের সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন হাসান।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম দেশের উন্নয়নের একটি বড় হাতিয়ার। সরকারের সাফল্য ও ব্যর্থতা তুলে ধরে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে টেকসই উন্নয়ন নিশ্চিত হয়। তবে হলুদ সাংবাদিকতা বর্জনীয়। দিনকে রাত বানানোর নাম সাংবাদিকতা নয়। আশা করি এ ব্যাপারে সংশ্লিষ্টরা সতর্ক থাকবেন।
ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শংকর দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।