এখনো সময় আছে রাজবন্দিদের মুক্তি দিন : ফখরুল

সরকার বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দিচ্ছে না অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি না দিলে সরকারবিরোধী আন্দোলন জোরদার করা হবে। বিএনপির কারামুক্ত যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে নিয়ে গতকাল শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দলের প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করে আমার শপথ নিয়েছি, খালেদা জিয়ার মুক্তির জন্য সব রকমের আন্দোলন বেগবান করা হবে। খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির জন্য বিএনপি অবশ্যই আন্দোলন গড়ে তুলতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ক্ষমতাসীনদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, এখনো সময় আছে, আপনারা রাজবন্দিদের মুক্তি দিন, দেশনেত্রীকে মুক্তি দিন, মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করুন। তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যা মামলায় বেআইনিভাবে খালেদা জিয়াকে ১৮ মাস যাবৎ আটক করে রাখা হয়েছে। এখন তিনি অত্যন্ত অসুস্থ। এই অসুস্থ অবস্থায় তিনি সঠিক চিকিৎসা পর্যন্ত পাচ্ছেন না।

এ সময় বর্তমান সংসদকে ‘অবৈধ’ আখ্যায়িত করে তা ভেঙে ‘নিরপেক্ষ’ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, অন্যথায় এদেশের জনগণ কোনোদিনও আপনাদের ক্ষমা করবে না।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান, স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলসহ মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ১১ জুলাই জামিনে মুক্তি পান সোহেল। তার বিরুদ্ধে ২১২টি মামলা রয়েছে রাজধানীর বিভিন্ন থানায়।