ফরিদপুরে ব্যাংক কর্মকর্তার স্ত্রীসহ এসআই আটক

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার একটি বাসা থেকে ব্যাংক কর্মকর্তার স্ত্রীসহ আল ইমরান (২৮) নামে এক এসআইকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

ব্যাংক কর্মকর্তার অভিযোগ ও কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের একটি ব্যাংকের কর্মকর্তার স্ত্রীর সঙ্গে ফেইসবুকে পরিচয় হয় রাজবাড়ী সদর থানায় কর্মরত আল ইমরানের। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে পরকীয়া গড়ে ওঠে। গত বৃহস্পতিবার গভীর রাতে ব্যাংক কর্মকর্তা শহরের ঝিলটুলী এলাকার রেইনবো স্কুলের পাশে ভাড়াবাসার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। পরে ওই বাসার অন্য একটি কক্ষে স্ত্রী বৃষ্টির কাছে যান এসআই ইমরান। বিষয়টি টের পেলে ওই কক্ষে যান ব্যাংক কর্মকর্তা।

ব্যাংক কর্মকর্তার অভিযোগ, এক কক্ষে দুজনকে দেখার পর স্ত্রী ও এসআই তার (কর্মকর্তা) ওপর হামলা করতে আসেন। পরে তিনি কক্ষ থেকে বেরিয়ে বাসার দরজা বাইরে থেকে আটকে থানায় যান। তার দেওয়া খবরের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ এসে দুজনকে আটক করে নিয়ে যায়।

ব্যাংক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে তার স্ত্রী পরকীয়ায় আসক্ত। নানাভাবে বুঝিয়েও তাকে এ পথ থেকে ফেরানো যায়নি। তিনি জানান, এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে থানায় মামলা করবেন।

কোতোয়ালি থানার ওসি এ এফ এম নাসিম জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশের এসআইসহ ব্যাংক কর্মকর্তার স্ত্রীকে আটক করা হয়েছে। পরকীয়ার বিষয়টি দুজনই স্বীকার করেছেন।