খাবার অর্ডার দেওয়ার অনলাইন মাধ্যম জোমাটো অভূতপূর্ব একটি অফার দিয়েছে। ‘ইনফিনিটি ডাইনিং’ প্ল্যানে তাদের গোল্ড সাবস্ক্রাইবারদের জন্য আনলিমিটেড খাবারের সুবিধা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এই সুবিধায় একজন গোল্ড সাবস্ক্রাইবার প্রচলিত টু-কোর্স মিলের টাকায় যত খুশি তত বিরিয়ানি অর্ডার দিতে পারবেন। বিরিয়ানিসহ আরো কয়েকটি খাবারে এই অফার দিয়েছে তারা।
‘টু-কোর্স’ বলতে এক প্লেট মূল মেন্যুর সঙ্গে সালাদ জাতীয় আরেকটি প্লেটকে বোঝায়।
জোমাটো এক ব্লগ পোস্টে জানিয়েছে, খাদ্য তালিকায় খাবারের ভেতর থেকে যেকোনো খাবার অর্ডার দেওয়া যাবে। এ জন্য সালাদসহ একটি খাবারের যে দাম সেটি পে করলেই হবে!
এই অফারটি শুরুতে ভারতীয় গ্রাহকদের জন্য ছাড়া হয়েছে। তাও সব শহরে নয়। শুধু দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরুর ৩৫০টি রেস্টুরেন্টে এটি চলবে।
কয়েক দিনের মধ্যে অন্য দেশেও এই অফার চালু হতে পারে। ভারত, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, তুরস্ক, পর্তুগাল এবং আমেরিকাসহ বিশ্বের ৯টি দেশে প্রায় সাড়ে ১২ লাখ গোল্ড সাবস্ক্রাইবার আছে জোমাটোর।