রূপনগরে অভিযান

জঙ্গি সন্দেহে গ্রেপ্তার একই পরিবারের ৫ জন

রাজধানীর মিরপুর রূপনগরের একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে একই পরিবারের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সক্রিয় সদস্য দাবি করে পুলিশ বলছে, অভিযানকালে ‘জঙ্গিরা’ দরজা খুলেই ধারালো অস্ত্র হাতে চড়াও হলে তাদের তিন সদস্য আহত হয়েছে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে একজন গুলিবিদ্ধ হন। গত শুক্রবার রাত দেড়টার দিকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এ অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া (২৪), তার বোন আসমা ফেরদৌস রিফা (২৬), ছোট ভাই আবু সালেহ মোহাম্মদ কিবরিয়া (২০), বাবা আহম্মদ আলী (৫৭) ও মা আসমা আহাম্মদ (৫০)।

গতকাল শনিবার এটিইউর পক্ষ থেকে দাবি করা হয়, ওই পরিবারের সবাই আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা কেউ শিক্ষার্থী, কেউ ব্যাংকার বা ব্যবসায়ী। পেশা ভিন্ন হলেও সবাই গোপনে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। এটিইউর পুলিশ সুপার (এসপি) মো. মাহিদুজ্জামান বলেন,  ‘গুলিবিদ্ধ জাকারিয়া আনসার আল ইসলামের বড় পর্যায়ের নেতা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে স্নাতকোত্তর শেষ করে ব্যবসা করছিলেন। পাশাপাশি গোপনে আনসার আল ইসলামের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তার মাধ্যমেই তার বাবা-মা ও ছোট ভাই-বোন ‘রেডিক্যালাইজড’ হয়েছেন। তদন্তের স্বার্থে তার বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া যাচ্ছে না।’

জাকারিয়ার বাবা আহম্মদ আলী মতিঝিল শাখা সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার। ছোট বোন রিফা ও ছোট ভাই কিবরিয়া পড়ালেখা করেন। তাদের বাড়ি মানিকগঞ্জে হলেও দীর্ঘ ১০ বছর ধরে রূপনগরের ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে বসবাস করছিলেন।

এসপি মাহিদুজ্জামান বলেন, ‘নির্দিষ্ট তথ্যের ভিত্তি ওই বাড়িতে অভিযান চালানো হয়। ভেতরে থাকা জঙ্গিরা টের পেয়ে দরজা খুলেই ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর চড়াও হয়। এতে পুলিশের তিন সদস্য আহত হন। এ সময় পুলিশ তাদের নিবৃত্ত করতে ৭ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে জাকারিয়া নামে এক জঙ্গি গুলিবিদ্ধ হন।’ এ সময় বাসায় তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, বিস্ফোরক পদার্থ ও জিহাদি বইপুস্তক জব্দ করা হয় বলে জানান তিনি।

এ পুলিশ কর্মকর্তা আরও জানান, গুলিবিদ্ধ জাকারিয়া ও পুলিশ সদস্যের সবাই শঙ্কামুক্ত। জাকারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রূপনগর থানায় মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আজ আদালতে গ্রেপ্তারদের ১০ দিনের রিমান্ড চাইবেন বলে জানান তিনি।