শীতলক্ষ্যায় জাহাজে স্কুলছাত্রের মরদেহ, আটক ৪

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় নোঙর করে রাখা একটি জাহাজ থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের দুদিন পর বৃদ্ধের, পাবনার ঈশ্বরদীতে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত তরুণের এবং পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার করা হয়েছে ব্যবসায়ীর লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর:

নারায়ণগঞ্জ : শীতলক্ষ্যায় নোঙ্গর করা জাহাজ ‘এমবি সজল-তন্ময়-২’ থেকে স্কুলছাত্র রিতুল ঘোষের (১৪) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। গতকাল শনিবার বেলা দেড়টায় শহরের ৫ নম্বর খেয়াঘাট এলাকার ওই জাহাজ থেকে রিতুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। শহরের দেওভোগ এলাকার দুলাল ঘোষের ছেলে রিতুল ঘোষ বিদ্যানিকেতন হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, গত শুক্রবার দুপুরে চার বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রিতুল। ওই চারজনকে আটকের পরে তারা জানায় পাঁচ বন্ধু শীতলক্ষ্যা নদীর ৫ নম্বর খেয়াঘাট এলাকায় গোসল করতে গিয়ে একে অন্যকে ধাক্কা দেয়। জাহাজ থেকে লাফিয়ে নদীতে গোসল করে। এক পর্যায়ে রিতুলকে না পেয়ে বাসায় চলে আসে।

চুয়াডাঙ্গা : আলমডাঙ্গায় নিখোঁজের দুদিন পর ওয়াদুদ মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার মহেশপুর এলাকার মাথাভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওয়াদুদ মিয়া উপজেলার দাসপাড়া গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে।

পটুয়াখালী : কুয়াকাটা সৈকতে ব্যবসায়ী হাকিম শরীফের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে সৈকতের জিরো পয়েন্টে থেকে পূর্বদিকে বালু ভর্তি জিও ব্যাগের মাঝখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মহিপুর থানার ওসি সোহেল আহমেদ জানান, পূর্বশত্রুতার জেরে হাকিম শরীফকে হত্যা করা হতে পারে। কুয়াকাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাকিম শরিফ দীর্ঘদিন ধরে সৈকতে ছাতা, বেঞ্চসহ টুরিস্ট বোটের ব্যবসা করে আসছেন।

ঈশ্বরদী (পাবনা) : রেললাইনের ওপর থেকে অজ্ঞাত তরুণের (৩৫) খ-িত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের পাবনা-রাজশাহী রেললাইনের কালিকাপুর বাজার সংলগ্ন ১৬ নম্বর ব্রিজের লেভেল ক্রসিংয়ের কাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়। সকালে এলাকাবাসী রেললাইনের ওপর ছিন্নভিন্ন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।