জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদকে অব্যাহতির প্রতিবাদে গতকাল শনিবার জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণসংযোগ ও শিক্ষার্থীদের গণস্বাক্ষর সংগ্রহ করেছে ছাত্রলীগের একাংশ। ওই পক্ষ আজ রবিবার মাদারীপুর জেলাজুড়ে আধাবেলা হরতালও আহ্বান করেছে।
অন্যদিকে রাজৈর উপজেলা, পৌর ও সরকারি রাজৈর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন আজ রবিবার বিকেলে অনুষ্ঠিত হবে। ছাত্রলীগের অন্যপক্ষ থেকে এই সম্মেলনকে ঘিরে চলছে উৎসবের আমেজ। এতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
গতকাল শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন স্কুল-কলেজে উপস্থিত হয়ে ছাত্রলীগের একপক্ষ তাদের কর্মসূচির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেয় এবং আজ সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল পালন করার আহ্বান জানায়।
উল্লেখ্য, ছাত্রলীগ থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অব্যাহতির ঘটনায় ছাত্রলীগের দুটি বিবদমান অংশ পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে।
দলীয় একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা ছাত্রলীগ দুটি গ্রুপে বিভক্ত। ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদে থাকা তানভীর মাহমুদ সাবেক নৌমন্ত্রী শাজাহান খান সমর্থিত ছাত্রলীগের একাংশের নেতা। অপরদিকে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সমর্থনে ছাত্রলীগের দায়িত্ব পালন করে আসছেন।
জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য রিপন হাওলাদার জানান, কমিটি গঠন নিয়ে অগণতান্ত্রিক সিদ্ধান্ত মানতে রাজি না হওয়ায় অগঠনতান্ত্রিকভাবে সাধারণ সম্পাদক তানভীর মাহমুদকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এভাবে একক সিদ্ধান্তে তারা সম্মেলন করে কমিটি গঠন করলে ছাত্রলীগের নেতাকর্মীরা মেনে নেবেন না।
জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক বলেন, নৌকা প্রতীকের বিরোধিতাকারী সাধারণ সম্পাদক তানভীরের দলীয় আদর্শ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকা-ের অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দিয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত সবাই মানতে বাধ্য। প্রতিবাদের নামে জনগণের ভোগান্তি কেউ মেনে নেবে না।