চীনে পাড়ি জমাচ্ছেন বেল!

রিয়াল মাদ্রিদে যে থাকতে পারছেন না গ্যারেথ বেল, নিজ মুখে জানিয়ে দিয়েছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। সবার কৌতূহলের বিষয় এখন একটাই বেলের নতুন ঠিকানা কোথায় হবে। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, বেল চাইনিজ সুপার লিগের দল জিয়াংসু সুনিংয়ে পাড়ি দিতে যাচ্ছেন। রিয়াল ফরোয়ার্ডের সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছে তারা। চীনা ক্লাব জিয়াংসু সানিং বিজনেস গ্রুপের। যারা ইন্টার মিলানের ৭০ শতাংশ মালিকানা কিনে নিয়েছে আগেই।

বেলের বেতন খুব চড়া। তাই চাইলেও যেকোনো ক্লাব তাকে কিনতে পারছে না। পারেনি সাবেক ক্লাব টটেনহ্যামও। তবে মার্কা জানিয়েছে, চীনা ক্লাবটিতে প্রতি মৌসুমের জন্য বেল পাবেন ২২ মিলিয়ন ইউরো। চুক্তি চূড়ান্ত হলেই জানা যাবে বাকি সব বিষয়ে। আর সেই চুক্তি খুব দ্রুতই হতে যাচ্ছে বলে খবর। এদিকে যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুমের ম্যাচে আতলেটিকোর বিপক্ষে বদলি হিসেবে খেলেছেন বেল। ম্যাচের পর সার্জিও রামোস বলেন, ‘বেল আমাদের সতীর্থ, আমরা তাকে নিয়ে সন্তুষ্ট। প্রত্যেক খেলোয়াড়ই নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে নিজেরাই সিদ্ধান্ত নেবে।’

রিয়াল মাদ্রিদে ২০১৩ সালে যোগদানের পর চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন বেল। তবে সেসব এখন বেলের কাছে পুরনো স্মৃতিই হয়ে থাকবে। জিদান দ্বিতীয় মেয়াদে মাদ্রিদের কোচ হয়ে আসার পর থেকে তার সঙ্গে বেলের সম্পর্কের অবনতি হয়।