সারা দেশে গত কয়েক দিন ধরে যে বৃষ্টি হচ্ছে তা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে সারা দেশেই বৃষ্টি হচ্ছে। তবে লঘুচাপটি গতকাল শনিবার
রাত নাগাদ পশ্চিমবঙ্গ ও তদসংলগ্ন এলাকায় অবস্থান করায় বাংলাদেশের ওপর এর প্রভাব কমছে। তবে এর প্রভাব থেকে যাবে খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলে। ফলে এসব এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আর রংপুর, দিনাজপুর, রাজশাহীসহ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির মাত্রা কমেছে। কমার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘সাগরে সৃষ্ট লঘুচাপটি পশ্চিমবঙ্গের দিকে সরে গেছে। তবে দেশের উপকূলীয় এলাকায় এর প্রভাব আরও কিছুদিন থাকবে। এই প্রভাবের পাশাপাশি সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশের দক্ষিণভাগে বৃষ্টি প্রবণতা শিগগির কমার সম্ভাবনা নেই। তবে উত্তরভাগে ধীরে ধীরে কমবে।’
গত কয়েক দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রামে হওয়া টানা ভারি থেকে অতি ভারি বর্ষণ গতকাল কমে এসেছে। এসব এলাকায় ভারী বর্ষণের পাশাপাশি পাহাড় ধসের শঙ্কাও তুলে নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আপাতত দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের শঙ্কা নেই।’
তবে লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কা অব্যাহত থাকার কথা জানিয়েছে অধিদপ্তর। গতকাল তাদের এক সতর্কবার্তায় বলা হয়, ‘পশ্চিমবঙ্গ ও তদসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রধান চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।’
এদিকে গতকাল সারা দেশেই বৃষ্টির মাত্রা কমেছে। কোথাও অতি ভারী বৃষ্টিপাত হয়নি। চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকার চেয়ে তুলনামূলক কম বৃষ্টি হয়েছে সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগে। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। এ ছাড়া সন্দ্বীপে ৫৩ মিলিমিটার ও কক্সবাজারে হয়েছে ৪৮ মিলিমিটার বৃষ্টি। একই সময়ে রাজধানীতে হয়েছে ২১ মিলিমিটার বৃষ্টি।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশেই বৃষ্টির প্রবণতা কমতে পারে।