ছাত্রীকে বাঁচাতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

নাটোরের হালতি বিলে ছাত্রীকে বাঁচাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাজশাহী শহরের নর্থ বেঙ্গল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
চার শিক্ষক ও তিন ছাত্রী নৌকা নিয়ে বেড়াতে যান। এ সময় এক ছাত্রী নৌকার ছাদ থেকে পানিতে পড়ে যান। শিক্ষক মোখলেসুর রহমান (২৯) তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়ে ডুবে মারা যান।

স্থানীয়রা জানায়, রাজশাহী শহরের নর্থ বেঙ্গল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের

চার শিক্ষক ও তিন ছাত্রী নৌকা নিয়ে গতকাল দুপুরের দিকে হালতি বিলে আসেন। বেড়ানোর একপর্যায়ে পাপ্পী সাহা নামে এক ছাত্রী নৌকার ছাদ থেকে পানিতে পড়ে যান। প্রচণ্ড- ঢেউ থাকায় ওই ছাত্রী পানিতে তলিয়ে যান। এ সময় শিক্ষক মোখলেসুর রহমান পানিতে ঝাঁপিয়ে পড়লে সঙ্গে সঙ্গে তিনিও ডুবে যান। নৌকার অন্যরা ঘটনার পর পড়ে যাওয়া ছাত্রীকে উদ্ধার করতে পারলেও মোখলেসুর রহমানকে উদ্ধার করতে পারেননি।

  বিকেলে এ খবর ছড়িয়ে পড়লে নর্থ বেঙ্গল প্রাইভেট বিশ^বিদ্যালয়ের ভিসি (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি) ড. আবদুল খালেক, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বী ও ওসি শফিকুর রহমান ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনার পর রাজশাহী থেকে একদল ডুবুরি এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোখলেসুর রহমানের লাশের সন্ধান পাওয়া যায়নি।