গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতাল পল্লিতে অগ্নিসংযোগ ও হত্যার মামলায় ৯০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ঘটনার দুই বছর আট মাস পর রবিবার গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমের আদালতে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।
এতে গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ, একই ইউনিয়নের ইউপি সদস্য শাহ আলম, আইয়ুব আলী এবং চিনিকলের (জিএম-অর্থ) নাজমুল হুদাসহ ৯০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) গাইবান্ধা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার জানান, এখন পর্যন্ত এই মামলায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদা ফার্মে ২০১৬ সালের ৬ নভেম্বর পুলিশের সঙ্গে সংঘর্ষে সাঁওতাল জাতিগোষ্ঠীর তিন ব্যক্তি নিহত হন। আহত হন অনেকে।