সিরিজ বাঁচানোর লড়াইয়েও ব্যাটিং ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছে না বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করছে সফরকারী দল। কিন্তু স্কোর বোর্ডে ৩১ রান যোগ হতেই ফিরে গেছেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার।
রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হয়েছে ম্যাচটি। প্রথম ম্যাচে ৯১ রানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।
কিন্তু এমন ম্যাচে শুরুটাই হলো হতশ্রী। তামিম-সৌম্যর উদ্বোধনী জুটিটা ২৬ রানের বেশি এগোল না। শুরুতে সৌম্য (১১) ও পরে তামিম (১৯) হাঁটলেন প্যাভিলিয়নের পথে।
নুয়ান প্রদীপের ষষ্ঠ ওভারের চতুর্থ বলটা ছিল ফুল-টস। সেই বলটাই কিনা ব্যাটে বলে করতে পারলেন না সৌম্য। প্যাডে আঘাত হানল বলটি। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিতে একবারও ভাবেননি। ১৩ বলে ১১ রান করেন তিনি ১ চারে। সৌম্য অবশ্য রিভিউ নেবেন কিনা সিদ্ধান্ত নিতে খানিক সময় দাঁড়িয়ে রইলেন। তবে অপর প্রান্ত থেকে তামিমের সাড়া না পেয়ে আর রিভিউ নেননি।
আগের ম্যাচে লাসিথ মালিঙ্গার অবিশ্বাস্য বলে ফিরেছিলেন তামিম। রানের খাতা খোলার আগেই। এদিন ধীরস্থির ব্যাটিংয়ে রানে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হলেন। ইসুরু উদানার নবম ওভারের প্রথম বলে বোল্ড হয়ে ফিরে যান এই সিরিজে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। ৩১ বলে ২ চারে ১৯ রান করেন তামিম।
প্রথম ম্যাচটা বলতে গেলে লাসিথ মালিঙ্গার কাছে হেরে গেছে বাংলাদেশ। নিজের বিদায়ী ম্যাচটা রাঙিয়ে গেছেন মালিঙ্গা। কিন্তু মালিঙ্গাবিহীন শ্রীলঙ্কার সামনেই বাংলাদেশ কেমন নড়বড়ে।
মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন। কিন্তু তিনে নেমে মিঠুনও ব্যর্থ হলেন। মাত্র ১২ রান করেই ফিরলেন তিনি। আকিলা ধনঞ্জয়ার বলে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়েছেন। ৫২ রানে তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখার সময় টাইগারদের স্কোর ১৫ ওভার শেষে ৫৩/৩। মুশফিক ৮ ও মাহমুদউল্লাহ ১ রান নিয়ে ব্যাট করছেন।