নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাসকা ইউনিয়নের এক ইউপি সদস্যের স্ত্রীর নামে ভিজিডি ও মাতৃত্বকালীন ভাতার কার্ডের মাধ্যমে সুবিধা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার বিকালে উপজেলা মহিলাবিষয়ক অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
জানা গেছে, মাসকা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম। তিনি তার স্ত্রী মোর্শেদা আক্তার নিলুফারের নামে একজন ভিজিডি (২০১৯-২০২০ অর্থবছর) কার্ডধারী হিসাবে তালিকাভূক্ত করান। একই অর্থবছরে ওই ইউপি সদস্যের স্ত্রী নিলুফা মাতৃত্বকালীন ভাতারও আওতাভূক্ত হন।
উপজেলা মহিলাবিষয়ক অফিসের মাতৃত্বকালীন ভাতার রেজিস্ট্রি বইয়ে ৩১৩৯ নম্বর ক্রমিকে রয়েছেন মোর্শেদা আক্তার নিলুফারের।
এ ছাড়া ভিজিডি কার্ডধারীদের তালিকায় একজন সুবিধাভোগী হিসাবেও তার নাম রয়েছে।
ইউপি সদস্য শফিকুল ইসলামের মোবাইলে চেষ্টা করেও এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
মাসকা ইউনিয়নের পরিষদের সচিব মোহাম্মদ রোকনুজ্জামান জানান, মাসকা ইউনিয়নে চলতি অর্থবছরে ১২৯ জন ভিজিডি ও ২০ জনকে মাতৃত্বকালীন ভাতার আওতায় আনা হয়েছে। তবে আমি নতুন যোগদান করেছি। তাই মোর্শেদা আক্তার নিলুফার নামে দু’টি কার্ড রয়েছে এ বিষয়টি আমার জানা নেই।
মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে বলেন, ইউপি সদস্য শফিকুল ইসলামের স্ত্রী মোর্শেদা আক্তার নিলুফার নামে ভিজিডি ও মাতৃত্বকালীন কার্ড হওয়ার বিষয়টি আমার জানা ছিল না। তার নামে কোনো কার্ড থাকার নিয়ম থাকলে থাকবে। আর তা না হলে দু’টি কার্ডই বাতিল করা হবে।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) আব্দুর রৌফ সরকার জানান, কোনো অবস্থায় এক ব্যক্তির নামে দু’টি কার্ড দেওয়ার বিধান নেই। এ ছাড়া একজন ইউপি সদস্যের স্ত্রী হিসাবে ওই নারী কোনো কার্ডই পাওয়ার কথা না। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
কেন্দুয়া উপজেলার ভিজিডি কর্মসুচি বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম বলেন, বিষয়টি দেখছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।