গাড়ি ভাঙচুর মামলায় চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি সিজার কারাগারে

নাশকতার মামলায় চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ-উর জামান সিজারকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

রোববার বিকেলে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এম নুরুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ০৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা শহরের ভিজে স্কুলের সামনে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ মামলায় জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজারসহ দলীয় নেতাকর্মিদের আসামি করে পুলিশ মামলা দায়ের করে।

চুয়াডাঙ্গা কোর্ট ইন্সপেক্টর তোজাম্মেল হক জানান, এ মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। দীর্ঘদিন পর শরিফ উর জামান সিজার রোববার বিকেলে ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় তার পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।