মাগুরায় সরকারি উন্নয়ন কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান নিয়ে অসন্তোষ জানিয়েছেন মাগুরা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। তিনি বলেন, মাগুরার নবগঙ্গা নদী খননের ৪২ কোটি টাকার কাজ যথাসময়ে সম্পন্ন না করা ও ধীরগতিসহ নিম্নমান দেখা গেছে। গতকাল রবিবার মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে নিউজ২৪ চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
সাংসদ শিখর ক্ষোভ প্রকাশ করে জানান, নবগঙ্গা নদী খননের এ প্রকল্প আনতে দীর্ঘ চেষ্টা করতে হয়েছে। অথচ এটির খননের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যাপক অনিয়ম ও অবহেলা করেছে। যে কারণে নির্ধারিত সময়ে এটির কাজ সম্পন্ন হয়নি। মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু বাসার আখন্দ, রূপক আইচ, শফিকুল ইসলাম শফিক, সাগর জামান, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা।