তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮ রান করে এই মাইলফলকে পৌঁছান মিস্টার ডিপেন্ডেবল। শেষ পর্যন্ত মুশফিক ৯৮ রানে অপরাজিত ছিলেন তিনি।
মুশফিকের আগে ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ করা বাকি দুই বাংলাদেশি হলেন তামিম ইকবাল (৬৮৯০ রান) ও সাকিব আল হাসান (৬৩২৩ রান)। মুশফিক ছয় হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন নিজের ২০১তম ইনিংসে। সাকিব করেছিলেন ১৯০ ইনিংসে আর তামিম করেন ১৭৫ ইনিংসে। অভিষেকের পর সময়ের হিসাব করলে ৬ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে মুশফিকের লেগেছে ১২ বছর ৩৫৬ দিন।
ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম ১২৩ ইনিংস খেলে ৬ হাজার রানে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা।