সিনহার ভাইয়ের দুদকে আয়কর নথি জমা

দুর্নীতি দমন কমিশনে (দুদক) আয়কর নথি জমা দিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বড় ভাই নরেন্দ্র কুমার সিনহা। আয়কর নথি জমা দিতে গতকাল রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে যান তিনি। গতকাল সকালে তাকে দুদকে আসার জন্য তলব করা হয়েছিল। নরেন্দ্র কুমার সিনহা জানান, দুদকের তলবের পরিপ্রেক্ষিতে তিনি কার্যালয়ে যান। একই সঙ্গে আয়করের নথি জমা দিয়েছেন বলে জানান তিনি।

ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে ৪ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সম্প্রতি মামলা করেছে দুদক।

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সরকারের সঙ্গে টানাপড়েনের জেরে ছুটিতে বিদেশে যান এস কে সিনহা। বিদেশে থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। এস কে সিনহা বর্তমানে কানাডা রয়েছেন। সেখানে কয়েক দিন আগে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে তার অন্য ভাইয়ের বাসায় ছিলেন।