ডেঙ্গু ছড়িয়ে পড়েছে সরকারের চূড়ান্ত অবহেলায় : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকারের চূড়ান্ত অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই ডেঙ্গুজ¦র চারদিকে ছড়িয়ে পড়েছে। এ রোগে আক্রান্ত হয়ে মানুষ প্রাণ হারাচ্ছে।

গতকাল রবিবার ঠাকুরগাঁও শহরের বাসায় সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, সরকার, স্বাস্থ্য বিভাগের দায়িত্বই ছিল শুরুতেই এটা দমন করা। যারা অসুস্থ তাদের সুচিকিৎসা নিশ্চিত করা। এটা কোনো গুজবের বিষয় নয়, বিএনপি কখনো গুজব দিয়ে রাজনীতি করে না। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র, আল মামুন, ছাত্রদলের সভাপতি কায়েসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে হত্যার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, একটা দেশে-রাষ্ট্রে যখন আইনের শাসন থাকবে না, বিনা ভোটে নির্বাচিত সরকার যখন বিনা বিচারে মানুষ হত্যা করবে, জবাবদিহি থাকবে না তখন এসব ঘটনা ঘটবে এটা তো স্বাভাবিক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কারারুদ্ধ থাকায় অসুস্থ হয়ে পড়েছেন অভিযোগ করে তিনি বলেন, তার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। তার সুচিকিৎসা করছে না সরকার। তাই তার জামিন পাওয়াটা অধিকার। এর আগে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন মির্জা ফখরুল।