দীর্ঘ রোগভোগের পর না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির। সোমবার সকালে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
শামীম কবির নামে পরিচিতি পেলেও তার আসল নাম আনোয়ারুল কবির। জন্ম ১৯৪৫ সালে, নরসিংদীর বনেদি জমিদার পরিবারে। পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ১৯৬১ সালে। খেলেছেন ৬০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ফিফটি (৬৪) ১৯৬৪ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে পিআইএর বিপক্ষে।
১৯৭৭ সালে ইংল্যান্ডের এমসিসি দল তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসে। সে সময়কার ঢাকা স্টেডিয়ামে (বর্তমান বঙ্গবন্ধু স্টেডিয়াম) ওই ম্যাচটিই ছিল বিদেশি কোনো দলের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ। এই ম্যাচে দলের অধিনায়কত্ব করেছেন শামীম কবির; তাতেই ইতিহাসের পাতায় বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়ক হিসবে নাম লেখান তিনি।
ক্রিকেট ছেড়ে বসে থাকেননি শামীম কবির। খেলোয়াড়ি জীবন শেষে সম্পৃক্ত হন বিসিবিতে। বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন ১৯৮২ ও ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতে। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে পেয়েছেন জাতীয় পুরস্কার।
বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়ক শামীম কবিরের চিকিৎসার ব্যয়বার বহন করবে বলে সবশেষ বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শামীম কবিরের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।