ডেঙ্গু দমনে ব্যর্থতার অভিযোগ এনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের পদত্যাগ দাবি করেছে বিএনপি।
গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ দাবি জানান।
এর আগে স্থায়ী কমিটির বৈঠকে ডেঙ্গু রোগের বিষয়ে জনগণকে সচেতন করতে বিএনপি রাজপথে নামবে বলে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী
কমিটির এক সদস্য। তিনি জানান, আগামী দুয়েক দিনের মধ্যে কর্মসূচি চূড়ান্ত হবে। কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতারা বিভিন্ন এলাকায় যাবেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন।
বৈঠকে ডেঙ্গু পরিস্থিতি ছাড়াও ট্রাম্পের কাছে তুলে ধরা প্রিয়া সাহার বক্তব্য, বন্যা পরিস্থিতি, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতাসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে সাড়ে ৯টা পর্যন্ত চলা এ বৈঠকে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও বেগম সেলিমা রহমান।