ডেঙ্গুতে মৃত্যুর ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী ও মৃত্যুবরণকারী ব্যক্তিদের স্বজনদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন। আবেদনে ডেঙ্গু প্রতিরোধে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলের আর্জি জানানো হয়েছে।

রিট আবেদনকারী জানান, কার্যতালিকায় এলে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এর ওপর শুনানি হতে পারে। ইউনুছ আলী আকন্দ আরও জানান, আবেদনে স্বাস্থ্য সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে

এ রোগে আক্রান্তের সংখ্যা অতীত রেকর্ড ভঙ্গ করেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত সরকারি, বেসরকারি হাসপাতালে ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু আক্রান্তের রোগী ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে শুধু চলতি  মাসেই ১১ হাজার ৪৫০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হিসাবে ইতিমেধ্যে আটজন ডেঙ্গু রোগীর মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি হিসাবে এ সংখ্যা বেশি বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।