সরকারি কর্মকর্তাদের সুবিধা দিতে ‘ভিআইপি সংস্কৃতির’ অপব্যবহার বন্ধের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল সোমবার এক বিবৃতিতে সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই দাবি জানান।
গত বৃহস্পতিবার সরকারি কর্মকর্তাকে ‘ভিআইপি সুবিধা’ দিতে ফেরিযাত্রা প্রায় তিন ঘণ্টা আটকে রাখা হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিে এমন বিবৃতি এলো।
ওই স্কুলছাত্রের মৃত্যুতে শোক প্রকাশ ও নিন্দা জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘অবিলম্বে নিহত তিতাসের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া ও দোষী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার দাবি জানাই।’ তিনি আরও বলেন, ‘ভিআইপিদের অযাচিত সুবিধা দিতে গিয়ে সাধারণ নাগরিকের মৃত্যুবরণ করতে হবেÑ এ ধরনের ঘটনা কোনো গণতান্ত্রিক দেশের চর্চা হতে পারে না। সংবিধান যেখানে সব নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিতের অঙ্গীকার করেছে, সেখানে কোনো বিশেষ সুবিধা প্রদানের এই বৈষম্যমূলক ও অসাংবিধানিক আচরণ প্রতিহতে ব্যর্থতা লজ্জাজনক। এর প্রতিকারের জন্য সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলের অবিলম্বে হস্তক্ষেপ কামনা করছি।’
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রচলিত চর্চার দোহাই দিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তার জন্য “ভিআইপি” প্রটোকলের ব্যবস্থা করতে হবেÑ এ যেন এখন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। তাতে সৃষ্ট দুর্ভোগের বিষয়ে যেন কারও কোনো দায় নেই। ঘটনা সংঘটনের পর প্রচলিত চর্চার দোহাই দিয়ে এ অনাচারের দায় এড়ানোর প্রবণতা দুঃখজনক। সরকারের জন্য এ ধরনের ঘটনা অনাকাক্সিক্ষত ও বিব্রতকর।’