টুঙ্গিপাড়ায় আইজিপি

স্বার্থ হাসিলে গুজবকে হাতিয়ার করছে কিছু লোক

ব্যক্তিস্বার্থে কিছু লোক গুজবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল সোমবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এখন দেশে উল্লেখ করার মতো আইনশৃঙ্খলার অবনতির কোনো

ঘটনা নেই দাবি করে আইজিপি বলেন, ‘আপনারা দেখেছেন অতি সম্প্রতি গুজব ছড়িয়ে দিয়ে কিছু নিরপরাধ লোককে বিভিন্ন জায়গায় ছেলেধরা সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা সেটিও খুব দৃঢ়তার সঙ্গে, কঠোরতার সঙ্গে মোকাবিলা করেছি। দেশবাসীকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে আমরা এ ধরনের কোনো কর্মকাণ্ড সহ্য করব না। মানুষ বুঝতে পেরেছে ঘটনাটি পুরোপুরি গুজব। কিছু লোকজন তাদের স্বার্থ হাসিল করার জন্য গুজবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে যে দুয়েকটি ঘটনা ঘটেছে, আমরা তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থা নিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন যে অপরাধীরা ধরা পড়েছে খুব অল্প সময়ের মধ্যে এবং তাদের আমরা আইনের আওতায় নিয়ে এসেছি।’

এর আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান আইজিপি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. হাবিবুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি খন্দকার মুহিত উদ্দিন, গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান।