ঢাকা ও কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

রাজধানীর হাজারীবাগ ও কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। টেকনাফে নিহত দুজনকে মাদক কারবারি উল্লেখ করে র‌্যাব বলছে, গতকাল সোমবার ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের বাহারছড়া এলাকায় তল্লাশিকালে

এ গোলাগুলির ঘটনা ঘটে। একই সময়ে রাজধানীর হাজারীবাগে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন মো. সুমন (২২) নামে এক ব্যক্তি। র‌্যাবের দাবি, সুমন অস্ত্র ব্যবসায়ী।

টেকনাফে নিহতরা হলেন উপজেলার সাবরাং ইউনিয়নের নাজিরপাড়া এলাকার বশির আহমদের ছেলে আব্দুর রহমান (৪২) ও রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়াপালং এলাকার কবির আহমদের ছেলে উমর ফারুক (৩১)।

র‌্যাব-২ ঢাকার কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, ‘সম্প্রতি রাজধানীর ধানম-িতে র‌্যাব কয়েকজন মাদক কারবারিকে আটক করে। তাদের স্বীকারোক্তি মতে, গত রবিবার রাতে কক্সবাজারে অভিযান চালানো হয়। টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়ায় দুটি অস্থায়ী চেকপোস্ট বসায় র‌্যাব সদস্যরা। এ সময় টেকনাফ থেকে আসা একটি প্রাইভেট কারকে থামার সংকেত দিলে তা অমান্য করে এগিয়ে যায়। তখন র‌্যাব সদস্যরা পিছু ধাওয়া করলে সড়কের মাইলফলকে ধাক্কা লেগে গাড়িটি থেমে যায় এবং মাদক পাচারকারীরা গুলি করে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি চালায়।’ র‌্যাব-১৫ টেকনাফ কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক লে. মীর্জা শাহেদ মাহতাব বলেন, ‘অভিযানকালে দুজনকে আহত অবস্থায় প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।’ এ সময় একটি কার্টন থেকে ৩০০ বোতল ফেনসিডিল, ৪ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার এবং প্রাইভেট কারটি জব্দ করা হয় বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী।

এদিকে রাজধানীর হাজারীবাগের ঘটনায় র‌্যাব-২-এর কর্তব্যরত কর্মকর্তা বলেন, গতকাল ভোরে র‌্যাবের একটি দল হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় গেলে কতিপয় অস্ত্র ব্যবসায়ী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি করে। পরে সেখানে একজনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। হাজারীবাগ থানার এসআই অজয় কুমার জানান, শিকদার মেডিকেলের পাশে মেডি ডেন্টাল রোডে গুলিবিদ্ধ অবস্থায় একজন পড়ে আছে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। র‌্যাব বলছে, নিহত ব্যক্তির নাম মো. সুমন। তাকে পেশাদার অস্ত্র ব্যবসায়ী উল্লেখ করে কর্মকর্তারা জানান, সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে বেশকটি মামলা আছে। তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হয়েছেন বলে বাহিনীটির দাবি।