আট দিন আগে জেলার কালিহাতী উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার ভ্যানচালক মিনু মিয়া (৩০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে তার মৃত্যু
হয় বলে জানিয়েছেন কালিহাতী থানার ওসি হাসান আল মামুন। মিনু মিয়া ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি গ্রামের কোরবান আলীর ছেলে।
গত ২১ জুলাই বিকেলে কালিহাতীর সয়া হাটে মাছধরার জাল কিনতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হন মিনু মিয়া। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। সেখান থেকে টাঙ্গাইল হাসপাতালে নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় মিনু মিয়ার ভাই থানায় মামলা করেছেন। এরপর ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।