১০ কোটি গ্রাহকের তথ্য চুরি করে ধরা নারী হ্যাকার

আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ক্যাপিটাল ওয়ানের ১০ কোটির বেশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। অভিযুক্ত হ্যাকার গ্রেপ্তার হওয়ার পর এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের পুলিশ বলছে, পাইগে থম্পসন নামের ওই হ্যাকার সিয়াটল টেকনোলজি কোম্পানির সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

৩৩ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের জরিমানার পাশাপাশি পাঁচ বছরের জেল হতে পারে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং কানাডার গ্রাহকদের অ্যাকাউন্ট হ্যাক করেন ওই সফটওয়্যার বিশেষজ্ঞ।

প্রতিষ্ঠানটির ক্রেডিট কার্ডের জন্য যারা আবেদন করেছিলেন, তাদের নাম-ঠিকানা এবং ফোন নম্বর হাতিয়ে নিয়েছেন তিনি।

ক্যাপিটাল ওয়ানের দাবি, হ্যাকার ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট নম্বরের অ্যাকসেস নিতে পারেনি।

ঠিক কত মানুষের তথ্য বেহাত হয়েছে?

প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ১০ কোটির মতো গ্রাহকের তথ্য চুরি হয়েছে। অন্যদিকে কানাডা থেকে গেছে ৬০ লাখ।

হ্যাকিংয়ের এই বিষয়টি গত ১৯ জুলাই প্রথম টের পান কর্মকর্তারা।

গ্রাহকের তথ্য অন্য কোনো কাজে ওই হ্যাকার ব্যবহার করেছেন কি না, সেটি এখনো নিশ্চিত হতে পারেনি ক্যাপিটাল। অধিকতর তদন্তের পর বিষয়টি জানানোর কথা বলেছেন কর্মকর্তারা।