চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকায় মাকে মারধরের অভিযোগে ছেলে কথিত পীর এরফানুল হককে (৩২) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ.ন.ম বদরুদ্দোজা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা প্রদান করেন। এরফানুল হক পৌর এলাকার জামিজুরী ৫ নং ওয়ার্ডের হাজী ইসহাক মিয়া বাড়ির মৃত মাহমুদুল হাসানের পুত্র।
দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে অভিযোগ পেয়ে এএসআই মোজাম্মেলের নেতৃত্বে ওই এলাকায় ফোর্স প্রেরণ করা হয়। মাকে মারধরের অভিযোগের সত্যতা পেয়ে ছেলেকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে তাকে সোপর্দ করা হয়। আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এরফানুল হক নিজেকে মাইজ ভান্ডারের ভক্ত ও খেলাফত লাভ করেছে দাবি করে গত ৩০ মে তার নানা বাড়ির একটি ঘরে খানকা প্রতিষ্ঠা করে পীরালী আরম্ভ করলে এলাকাবাসী এতে বাধা দেয়। ওই দিন তাকে পুলিশ আটক করলে পীরালী না করার শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পায় সে। পরে গতকাল সোমবার থেকে পুনরায় বসত ঘরে খানকা চালু করে পীরালী আরম্ভ করলে মা আছিয়া খাতুন ছেলে এরফানুল হককে নিষেধ করে। এতে সে ক্ষিপ্ত হয়ে মাকে মারধর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ.ন.ম বদরুদ্দোজা বলেন, মাকে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই ছেলেকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।