যশোরে দুদক চেয়ারম্যান

প্রাথমিক শিক্ষায় ব্যর্থ হলে দুর্নীতি দমন সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, প্রাথমিক শিক্ষায় যদি আমরা ব্যর্থ হই, তাহলে দেশের দুর্নীতি দমন সম্ভব নয়। প্রাথমিক বিদ্যালয় হচ্ছে প্রকৃত মানুষ গড়ার সোপান। এজন্য দেশের দুর্নীতি দমন করতে হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের বিকল্প নেই। গতকাল মঙ্গলবার যশোর জিলা স্কুল অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিয়ম সভা ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন নয়, দুর্নীতি প্রতিরোধ করতে হবে। প্রাথমিক পর্যায়ে দক্ষ মানবগোষ্ঠী গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, দুর্নীতি দমন বা প্রতিরোধ করতে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে। এজন্য দেশের ২৮ হাজার স্কুলে দুদকের সততা সংঘ নামে সংগঠন গড়ে তোলা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান আরও বলেন, প্রাথমিক বিদ্যালয় মানুষ গড়ার প্রথম সোপান। এটা মজবুত না হলে আমরা পরবর্তী ধাপে উঠতে পারব না। এজন্য সমস্ত ফোকাস দেওয়া উচিত প্রাথমিক বিদ্যালয়ের ওপর।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর রশিদ, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়াসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরাসরি শিক্ষক, অভিভাবক ও স্কুল পরিচালনা পরিষদের নেতাদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানে আশ^াস দেন।