নেত্রকোনা জেলা শহরের কুরপাড় এলাকায় ভাসুরের বাসা থেকে অনার্স পড়ুয়া পিয়াসা আক্তার (২০) নামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কুরপাড় এলাকার ভাসুর সিদ্দিক মিয়ার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পিয়াসা নেত্রকোনা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী। নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গৃহবধূ সন্তানসম্ভবাও ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত প্রায় এক বছর পূর্বে সদর উপজেলার কুমড়ী এলাকার নীল চান্দের মেয়ে পিয়াসার বিয়ে হয় কেন্দুয়া উপজেলার আপেল মিয়ার সঙ্গে। আপেল মিয়ার কেন্দুয়ায় একটি গরুর ফার্ম রয়েছে। তার বড় ভাই ব্যবসায়ী সিদ্দিক মিয়া নেত্রকোনা শহরের কুরপাড় এলাকায় থাকেন। সেই সুবাদে তার স্ত্রী কলেজে পড়ার কারণে পরীক্ষা দিতে বড় ভাইয়ের বাসায় মাঝে মধ্যেই থাকেন।
গত কয়েকদিন ধরে পিয়াসা এখানে অবস্থান করছিলেন। তার স্বামী আপেল মিয়া সন্ধ্যায় কেন্দুয়া চলে যান। এদিকে রাতে কাজের মেয়েকে সাথে নিয়ে ঘুমানোর পর সকালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানে ঝুলতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আত্মীয় স্বজনসহ কাজের মেয়েকেও জ্ঞিাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।