শোকাবহ আগস্টের প্রথম দিন দেশে বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও শোক র্যালির মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও ১৫ আগস্ট সামনে রেখে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো হাতে নিয়েছে মাসব্যাপী নানা কর্মসূচি। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :
ব্রাহ্মণবাড়িয়া : মজা হয়ে যাওয়া একটি জনগুরুত্বপূর্ণ পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযানের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের মাসব্যাপী শোক কর্মসূচি শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। বেলা ১১টায় পৌর শহরের মধ্যপাড়া শান্তিবাগ এলাকায় পোয়া পুকুর পরিচ্ছন্ন করার অভিযানে নামেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী।
মৌলভীবাজার : প্রথম প্রহরে মোমবাতি প্রজ¦ালন করে মৌলভীবাজার যুবলীগ। মৌলভীবাজার স্থানীয় শহীদ মিনারে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদরে সভাপতিত্বে¡ আগস্টের প্রথম প্রহর রাত বারোটা এক মিনিটে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছের আহমদ এমপি।
ফরিদপুর : শহর আওয়ামী লীগের উদ্যোগে শোকযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টার দিকে শহরের থানা রোডের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল শোকযাত্রা বের করা হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা প্রমুখ।
জয়পুরহাট : প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, ১৫ আগস্ট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে শোক র্যালি, জাতীয় পতাকা অর্ধনমিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর স্মৃতির ওপর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, কোরআনখানিসহ নানা কর্মসূচি পালন করা হবে।
কলাপাড়া (পটুয়াখালী) : জেলা প্রশাসনের উদ্যোগে সব প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ছাত্র ও ছাত্রীদের মধ্যে ১০ লাখ গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে কলাপাড়া পৌরসভার সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে পৌরসভা চত্বরে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
মাগুরা : জেলা কৃষক লীগের পক্ষ থেকে আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে জেলা কৃষক লীগ সভাপতি মিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক শফিকুজ্জামান বাচ্চু প্রমুখ।