মঠবাড়িয়ায় আপন ভাতিজিকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনকে মৃত্যুদ- দিয়েছে পিরোজপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার এ রায় দেন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান। রায়ে আসামি নূর মোহাম্মদকে (৪০) আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। দ-প্রাপাপ্ত নূর মোহাম্মদ মঠবাড়িয়া উপজেলার নলি তুলাতলী গ্রামের আবদুর রশিদের ছেলে।
মামলায় বলা হয়, ২০১০ সালের ২১ মার্চ নূর মোহাম্মদ তার আপন ভাইয়ের মেয়ে আমেনাকে (১৪) ধর্ষণ করে হত্যার পর বাড়ির পাশের খালে ফেলে দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। পরে এ ঘটনায় থানায় দায়ের করা হত্যা মামলায় নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। সে হত্যা ও ধর্ষণের ঘটনা স্বীকার করায় বিচারক গতকাল এ রায় দেয়। রাষ্ট্রপক্ষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আবদুর রাজ্জাক খান বাদশা ও আসামিপক্ষে অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস মামলা পরিচালনা করেন।