আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মেয়র সাঈদ খোকন। পাশাপাশি ডিএসসিসির ১১টি ওয়ার্ড ডেঙ্গুমুক্ত হয়েছে বলে দাবি করেন তিনি। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কথা বলেন তিনি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক সভায় সভাপতিত্ব করেন। ডিএসসিসি মেয়র বলেন, ‘দিন গড়াচ্ছে আর ডেঙ্গু পরিস্থিতি জটিল হচ্ছে; এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তার নাগরিকদের নিয়ে পরিস্থিতি মোকাবিলার জন্য সুপরিকল্পিত পরিকল্পনার ভিত্তিতে কাজ এগিয়ে নিচ্ছে। আমাদের ওপর আস্থা রাখুন। আশা করছি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।’
ডিএসসিসির ১১টি ওয়ার্ড ডেঙ্গুমুক্ত দাবি করে তিনি বলেন, ‘হাজারো দুঃসংবাদের মধ্যে সুসংবাদও আছে। ঢাকা দক্ষিণ সিটির নতুন ওয়ার্ডগুলো বাদ দিয়ে পুরনো ৫৭টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ড পুরোপুরি ডেঙ্গুমুক্ত। ১৪, ১৮, ২৩, ২৯, ৩৫, ৪২, ৫৫, ৫৬ নম্বরসহ ১১টি ওয়ার্ড এবং জিগাতলা, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, ঢাকা কলেজ এলাকা, নিউ মার্কেট, লালবাগ, ইসলামবাগ, নবাবপুর, গণকটুলী, বংশাল, ইংলিশ রোড, পূর্ব জুরাইন এলাকাগুলো এখনো ডেঙ্গুমুক্ত।’
গত ১৭ থেকে ২৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) এসব ওয়ার্ডের ওপর জরিপ চালিয়ে এ তথ্য নিশ্চিত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে অবহিত করেছে বলে জানান মেয়র।
সাঈদ খোকন বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সব সংস্থার সমন্বয়ে কাজ চলছে। জনগণ আগের তুলনায় অনেক সচেতন ও অংশগ্রহণের মাধ্যমে নগর কর্র্তৃপক্ষকে সাহায্য করছে। রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আরও ঐক্যবদ্ধ হচ্ছে।’