ডেঙ্গুজ্বর নিয়ে নগরবাসীকে সচেতন করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত র্যালি পুুলিশ পন্ড করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় পুরান ঢাকার জজ কোর্টের সামনে থেকে এ র্যালি শুরু হওয়ার কথা ছিল। কোতোয়ালি থানার ওসি শাহিদুর রহমান জানান, অনুমতি না থাকায় বিএনপিকে এই কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।
এ ঘটনার সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, সরকার নিজেরা ডেঙ্গুজ¦র নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। বিএনপি যখন ডেঙ্গুজ¦রের বিষয়ে জনগণকে সচেতন করতে এগিয়ে আসছে, তখন তাতে বাধা দিচ্ছে সরকার। বিএনপির র্যালিটি মূলত ছিল সরকারকে সহযোগিতা ও জনগণের মাঝে সচেতনতা তৈরির জন্য। এমন শান্তিপূর্ণ কর্মসূচি পুুলিশ প্রশাসন পালন করতে না দেওয়ায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গত সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে দেশব্যাপী লিফলেট বিতরণ, র্যালি ও চিকিৎসাসহ নানা কর্মসূচির সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে ঢাকা মহানগর বিএনপি এ কর্মসূচির আয়োজন করেছিল।
মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু দেশ রূপান্তরকে বলেন, দুপুর দুইটার দিকে মহানগর বিএনপির নেতাকর্মীরা র্যালিতে অংশ নিতে জজ কোর্টের সামনে জমায়েত হতে শুরু করেন। দুপুর আড়াইটার দিকে র্যালি শুরু করার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ এসে বাধা দেয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, ঢাকা মহানগর শ্রমিকদলের সহসভাপতি সুমন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাদল প্রমুখ।
গতকাল ঢাকা মহানগর দক্ষিণের কর্মসূচিতে বাধা পেলেও মহানগর উত্তরে র্যালি করেছে বিএনপি। দুপুর দুইটার দিকে মহাখালীর ব্র্যাক ইউনিভার্সিটির সামনের রাস্তায় এ র্যালি করেন উত্তরের নেতাকর্মীরা। এতে অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডেঙ্গু নিয়ে ঢাকাসহ সারা দেশের মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিনই অসংখ্য মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কারও কারও প্রাণহানিও ঘটছে। অথচ এই সংকট মোকাবিলায় সরকারের যথাযথ কোনো উদ্যোগ নেই। তিনি বলেন, বিএনপি শুধু মিটিং-মিছিলের রাজনীতি করে না। ঝড়-জলোচ্ছ্বাস-বন্যাসহ সংক্রামক ব্যাধিজনিত মহামারী মোকাবিলা করতেও জনগণের পাশে থাকে।
র্যালিতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, যুগ্ম সম্পাদক এ জি এম শামসুল হক, সাইফুর রহমান মিহির, দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক, বনানী থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ইমান হোসেন নুর, তুরাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, বাড্ডা থানা বিএনপির সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।