আইজিপির সিল প্যাড নকল করে চাঁদাবাজি একজন গ্রেপ্তার

পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ভুয়া সিল-প্যাড ও স্বাক্ষরে চিঠি বিতরণ করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে দীর্ঘদিন ধরে টাকা আদায় করে আসছিল টিপু মিয়া ওরফে মমিনুল হক (৩৫) নামের এক ব্যক্তি। সম্প্রতি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কাছে আইজিপি পরিচয়ে টাকা চেয়ে চিঠি পাঠায় সে। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ আইজিপির কাছে জানালে ধরা পড়ে অভিনব এই প্রতারণা। গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার রাজধানীর পল্টন এলাকা থেকে টিপু মিয়াকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, ‘শিক্ষাজীবনে উচ্চ মাধ্যমিক ফেল টিপু মিয়া। টিএম ট্রেডার্স নামে একটি কোম্পানিতে চাকরি করত সে। প্রতিষ্ঠানের চিঠি আদান-প্রদানের সুযোগে এক অভিনব প্রতারণার কৌশল রপ্ত করে। পরে চাকরি ছেড়ে পুরোদস্তুর প্রতারক বনে যায়। জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবস সামনে রেখে ব্যানার, ফেস্টুন, লিফলেট ছাপানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে টাকা চেয়ে চিঠি পাঠাত সে। এজন্য পুলিশের লোগো ও প্যাডে মহাপরিদর্শকসহ (আইজিপি) উচ্চপদস্থদের নাম ও স্বাক্ষর ব্যবহার করত।’

আবদুল বাতেন আরও বলেন, ‘টিপু মিয়া আইজিপিসহ পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে আসছিল। পুলিশের লোগোসহ ভুয়া প্যাডে নিজেই কর্মকর্তাদের স্বাক্ষর করে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে টাকা চেয়ে চিঠি পাঠাত। পুলিশ সপ্তাহ, শোক দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে অংশীদারিত্বের ভিত্তিতে লিফলেট, ব্যানার, ফেস্টুন প্রকাশের জন্য বিভিন্ন অঙ্কের অর্থ হাতিয়ে নিত। টিপু মিয়ার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়েছে।’