শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট কেন নয় : হাইকোর্ট

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট সেবা নিশ্চিত করতে রুল জারি করেছে হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ রুল জারি করে।

রুলে শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট সেবা নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং শিশুদের ইন্টারনেটের অশ্লীল, আপত্তিকর ওয়েবসাইট, ভৌতিক গেম ও ক্ষতিকর উপাদান থেকে কেন দূরে রাখা হবে না তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি তদারকির জন্য একটি কর্র্তৃপক্ষ গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।

চার সপ্তাহের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ ১৫ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

শিশুদের ইন্টারনেট ব্যবহারের কুফল ও ঝুঁকির বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সম্প্রতি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামরুল হাসান হাইকোর্টে রিট আবেদনটি করেন। আদালতে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।