নাটোরে ডেঙ্গু মোকাবিলায় আগাম প্রস্তুতি

নাটোরে ঈদ-উত্তর সম্ভাব্য ডেঙ্গুর প্রভাব মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ করেছে জেলা ক্রীড়া সংস্থা। প্রাথমিকভাবে ডেঙ্গু রোগীদের রক্তের প্রয়োজন মেটাতে শুরু হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রেজিস্ট্রেশন কার্যক্রম। গতকাল শুক্রবার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল।

শুক্র ও শনিবার প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। যেকোনো ব্যক্তি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রেজিস্ট্রেশন করতে পারবে। প্রথম দিনেই ব্যাপক সাড়া পাওয়া গেছে এই কার্যক্রমে। খেলোয়াড়দের পাশাপাশি যেকোনো ব্যক্তি এই কার্যক্রমে অংশ গ্রহণ করছে। 

এ বিষয়ে সৈয়দ মোস্তাক আল মুকুল বলেন, বর্তমানে ডেঙ্গু রোগীদের রক্তের প্রয়োজন হচ্ছে। এ চাহিদা মেটাতে খুব সহজেই মানুষ যেন রক্ত সংগ্রহ করতে পারে তার জন্য আমাদের এই উদ্যোগ।

তিনি আরও বলেন, অসুস্থ ব্যক্তিদের জন্য জরুরিভাবে রক্তের প্রয়োজন হয়। অনেক সময় রোগীর স্বজনদের রক্তের জন্য ঘোরাঘুরি করতে হয়। সহজেই মানুষ যাতে রক্ত সংগ্রহ করতে পারে সে জন্য আমরা রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি নাম, ঠিকানা, মোবাইল নম্বর সংগ্রহ করে রাখছি। যেকোনো সময় যাতে প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারি। এদিকে নাটোর সদর হাসপাতালে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। বর্তমানে এখানে নারী-শিশুসহ ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।