মুক্তিপণের দাবিতে সুনামগঞ্জ থেকে অপহৃত দুই কয়লা ব্যবসায়ীকে বাগেরহাট থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে তিন অপহরণকারীকে। বাগেরহাটের এসএ পরিবহনে মুক্তিপণের ৫ লাখ টাকা নিতে এসে ওই তিন অপহরণকারী পুলিশের হাতে ধরা পড়ে।
আহত অবস্থায় উদ্ধার পাওয়া কয়লা ব্যবসায়ী নুরুল আলম ও মুসলিম মিয়াকে গতকাল শুক্রবার সুনামগঞ্জ পাঠিয়েছে বাগেরহাটের পুলিশ। আটক অপহরণকারীরা হলেন পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে তুহিন শিকদার (২২), সদর উপজেলার উত্তর-পূর্ব মাছিমপুর গ্রামের রফিক হাওলাদারের ছেলে পারভেজ হাওলাদার (২৫) ও কোমারখালী গ্রামের আশ্রাব আলীর ছেলে আজগর আলী (৩৫)।
কয়লা কেনার কথা বলে ওই দুই ব্যবসায়ীকে পিরোজপুর এনে অপহরণ করা হয় বলে গতকাল শুক্রবার দুপুরে বাগেরহাট সদর মডেল থানায় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এসব তথ্য জানান।