ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আগামী দুই-এক দিনের মধ্যেই মশা মারার নতুন ওষুধের নমুনা আনা হবে। এসব ওষুধের নমুনা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পরীক্ষায় কার্যকর প্রমাণিত হলে শিগগিরই তা আনা হবে।
গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ডিএনসিসি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওয়ার্ডভিত্তিক বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে এডিস মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এডিস মশা নির্মূলে কাজ করে যাওয়ার জন্য সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আমরা নিশ্চয়ই এডিস মশামুক্ত ঢাকা গড়তে পারি, দরকার শুধু সচেতনতা আর সামাজিক আন্দোলন।
আতিকুল ইসলাম বলেন, এডিস মশা নির্মূলে প্রতিটি ওয়ার্ডকে ১০টি ভাগে ভাগ করে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে সোমবার থেকে ডিএনসিসি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একযোগে কাজ শুরু করবে। এ কর্মযজ্ঞে প্রচুর স্বেচ্ছাসেবী দরকার হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের ৬০০ যুবক ডিএনসিসির সঙ্গে কাজ করবে। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে ডিএনসিসির ওয়ার্ড কমিটি ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে স্কাউটস, সাধারণ ছাত্রছাত্রী, এলাকাবাসী এবং যুব সংগঠনগুলোকে তিনি একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, সব মশক সুপারভাইজার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোন নম্বর আজ তিনটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। সাংবাদিকসহ সব নাগরিক এসব সংগ্রহ করুন। এছাড়া সব মশককর্মীকে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে মনিটর করা হবে বলেও জানান মেয়র।
পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ও সমাজের সব স্তরের মানুষকে সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুক্রবার থেকেই কাজ শুরু করেছে। এ পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৪০০ যুবককে কাজ করার জন্য প্রস্তুত করা হয়েছে।