নিজ অর্থায়নে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষার ৬০০ কিট কিনে তা নড়াইলের দুটি হাসপাতালে পাঠিয়েছেন সাংসদ ও ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা। গতকাল শুক্রবার তার পাঠানো ডেঙ্গু শনাক্তকরণ কিট সরবরাহ করা হয় স্থানীয় দুটি হাসপাতালে। নিজের টাকায় ডেঙ্গু শনাক্তকরণ কিট কিনে এলাকায় পাঠানোয় মাশরাফীকে অভিনন্দন জানিয়েছেন নড়াইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী নড়াইল সদর ও লোহাগড়া নিয়ে গঠিত নড়াইল-২ আসনের সংসদ সদস্য।
শুক্রবার দুপুর ১২টায় নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরার নেতৃত্বে তার কার্যালয় থেকে নড়াইল সদর হাসপাতাল কর্র্তৃপক্ষের কাছে ৩০০ কিট এবং লোহাগড়া হাসপাতাল কর্র্তৃপক্ষের কাছে ৩০০ কিট হস্তান্তর করা হয়। এ সময় ‘নড়াইলবাসীর পক্ষ থেকে’ মাশরাফীকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘সব পেশার মানুষকে সঙ্গে নিয়ে নড়াইলের প্রতি ইঞ্চি জায়গা থেকে ডেঙ্গু নির্মূলে কাজ করব।’
পুলিশ সুপার মো. জসীম উদ্দীনও মাশরাফীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘জনগণের সেবা প্রদানে পাশে থেকে রোগীদের হাসপাতালে অবস্থান নির্বিঘ্ন করা, সেবা প্রদানে যেকোনো হয়রানি মোকাবিলা, জরুরি অ্যাম্বুলেন্স সেবা প্রাপ্তি ও হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যসেবা প্রদান ও গ্রহণের উপযোগী রাখতে নড়াইল সদর ও লোহাগড়া হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।’